সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের আটারদাগ গ্রামে রবিবার রাতে স্বামীর লাথির আঘাতে গৃহবধূ খাদিজা খাতুনের (৩২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে সোমবার সকালে স্বামী আবদুল্লাহ শেখকে (৪৫) আসামি করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আবদুল্লাহ শেখ পলাতক রয়েছেন।
পুলিশ রবিবার রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, নিহত খাদিজা খাতুনের প্রবাসী স্বামী আবদুল্লাহ কয়েকদিন আগে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর একপর্যায়ে স্বামী আবদুল্লাহ শেখ তার স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি ভাবে কিলঘুষি ও লাথি দেয়। এই লাথির আঘাতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহত খাদিজার লাশ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, ঘাতক আবদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।