গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক ধরনের পালা বদলের ইঙ্গিত মিলছে। কোচিং স্টাফে যোগ হয়েছেন মার্ক বাউচার, জ্যাক ক্যালিস। এবি ডি ভিলিয়ার্সকে অবসর ভেঙে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জোর গুঞ্জন রয়েছে। তবে এর মাঝে ভক্তদের বিষাদের খবর দিলেন ভারনন ফিল্যান্ডার। অবসরের ঘোষণা দিয়েছেন এই ৩৪ বছর বয়সী।
২৬ ডিসেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। এই সিরিজই হতে যাচ্ছে ফিল্যান্ডারের শেষ আন্তর্জাতিক সিরিজ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিশিয়াল টুইটারে এই ঘোষণা দিয়েছেন ফিল্যান্ডার নিজে।
ফিল্যান্ডার বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চাই। অসাধারণ এই যাত্রা শেষ করার এটাই আদর্শ সময়। সিএসএ, কেপ কোব্রাসের সঙ্গে সকল কোচ, ম্যানেজমেন্ট, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সারা বিশ্বব্যাপী ভক্তদের থেকে যে ভালোবাসা আর সমর্থন পেয়েছি তা ভুলতে পারব না।’
প্রায় এক যুগেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে কাটানো ফিল্যান্ডার সব ফরম্যাট মিলিয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৭৮৪ রান করার পাশাপাশি ২৬১টি উইকেট নিয়েছেন তিনি।
২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলেও বেশি উজ্জ্বল ছিলেন তিনি টেস্টে। যদিও রঙিন পোশাকে অভিষেকের চার বছর পর সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী ছিলেন। অলরাউন্ডার হিসেবেই স্বীকৃতি ছিল তার।