রাঙ্গামাটিতে চেয়ারম্যান

সংবিধানের বাইরে ভূমি কমিশনের কোনো কাজ হবে না

সংবিধান ও আইনের বাইরে ভূমি কমিশনের কিছুই করা হবে না বলে জানিয়ে দিলেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক। তিনি বলেন, যা করার সব সরকারই নির্ধারণ করে দেবে, সে অনুসারেই আমরা কাজ করব।

গতকাল সোমবার সকালে ভূমি কমিশনের সভা শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকালে পার্বত্য বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদের বিরোধিতা আর ঘেরাওয়ের মধ্যেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়ে শুরু হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা।

সকাল ৮টা থেকে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে অবস্থান নিয়ে ঘেরাও করে রাখে। কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক এসে নাগরিক পরিষদের বাধার মুখে পড়েন। এ সময় তিনি ঘেরাওকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি-দাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার ঘোষণা দিলে ঘেরাওকারীরা অবরোধ তুলে নেন।