ভারত থেকে আসা ৮ জন কারাগারে

ভারত থেকে মেহেরপুরের মুজিবনগরে আসার পর পুলিশের হাতে আটক ৮ ব্যক্তিকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দীর্ঘদিন বসবাসের পর পুশব্যাক হওয়ায় ও পাসপোর্টবিহীন আসার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রবিবার দুপুরে তারা বাংলাদেশ ঢুকে মুজিবনগর দিয়ে পালানোর সময় তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা সাংবাদিকদের জানান, তারা ১০-১৫ বছর আগে ভারতে গিয়ে বসবাস করে আসছিলেন। তাদের কারও রেশন কার্ড, কারো নাগরিক কার্ড রয়েছে। তাদের ভাষ্য, ভারতে নাগরিকত্ব আইন পাসের পর দেশটির পুলিশি অত্যাচার ও হুমকি-ধমকির কারণে সীমান্তবর্তী গ্রামের যুবকরা ঘরে থাকতে পারছে না। প্রাণভয়ে অনেকেই তাদের মতো বিভিন্ন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছেন।