ওষুধ দোকানি হত্যায় ১০ জনের ফাঁসির আদেশ

ময়মনসিংহের নান্দাইলে এক যুগ আগে ওষুধের দোকানি মাজহারুল ইসলাম পল্টন হত্যার ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আসামিদের সাতজনকে বেকসুর খালাস দেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একলাছ উদ্দিন ওরফে জুয়েল, আবুল কাশেম ওরফে বাচ্চু মেম্বার, কবির মিয়া, আবুল কাশেম ওরফে আবু, আবুল কালাম আজাদ ওরফে পিনু ডাক্তার, চন্দন, শুক্কুর আলী ওরফে আশ্রাফ আলী ও বাদল মিয়া রায়ের সময় আদালতে হাজির ছিলেন। আর ফারুক মিয়া, রুমা আক্তার পলাতক।

খালাস পাওয়া সাত আসামি হলেন- আফতাব উদ্দিন ওরফে আক্রাম আলী, বদরুল আলম ওরফে বদরুল, ইসমাইল হোসেন, কাজল মিয়া, আবু সিদ্দিক ও দুলাল রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও রফিক মামলার শুরু থেকেই পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ১ মার্চ সকালের মধ্যে কোনো এক সময় পল্টনকে তার ওষুধের দোকানের ভেতরে মাথা ও কপালে আঘাত করে হত্যা করা হয়।

এরপর ভিতরে বাঁশের খুঁটির সঙ্গে গামছা দিয়ে মরদেহ বেঁধে রেখে দোকানে তালা দিয়ে চলে যায় খুনিরা।

এ ঘটনায় পল্টনের বোন বিউটি আক্তার ১ মার্চ নান্দাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ৩১ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার ওসি জসিম উদ্দিন।