ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় এক কর্মচারীর কক্ষ থেকে দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ তল্লাশি করেন দুদক কর্মকর্তারা। তল্লাশি করে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের কক্ষের একটি লকারের মধ্য থেকে দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক দেবব্রত মণ্ডল জানান, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক ফাতেমা বেগমের মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।