পাকিস্তান সফরের ব্যাপারে নিজেদের অবস্থান আরেকবার পরিষ্কার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটা সম্ভব সংক্ষিপ্ত সময়ে এই সফর শেষ করতে চায় বিসিবি।
এফটিপি অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্ট সিরিজ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে।
এ অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি সোমবার নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। বলে দিয়েছেন, ‘শুধু বাংলাদেশ নয়, সব দেশকেই এখন থেকে পাকিস্তানের হোম টেস্টগুলো পাকিস্তানেরই খেলতে হবে।’
এ অবস্থায় মঙ্গলবার নিজেদের অবস্থান আরেকবার পরিষ্কার করলেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বললেন, টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে ভাববে।
সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে হামলার পর এটিই ছিল পাকিস্তানের মাটিতে প্রথম কোনো টেস্ট সিরিজ।
এ অবস্থায় পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ বলে দাবি করছে পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রস্তাবে রাজি না হলে, আইসিসিকে নালিশের হুমকিও দিয়ে রেখেছে।
এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিকদের নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তান অবশ্যই তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টা করছে। তবে আমরা আমাদের ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে যারা বিদেশি তাদের মতামত নিয়েছি। ম্যাচের পরিবেশটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট অংশীদার যারা, পাকিস্তানে লম্বা সফরের ব্যাপারে তাদের মতামতটাও গুরুত্বপূর্ণ।’
বিসিবির সিইও তাই পুরোনো কথাটাই আরেকবার বললেন, ‘আমাদের প্রাথমিক প্রস্তাব হচ্ছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেখানে (পাকিস্তান) সফর করে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা। তাহলে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করতে পারবেন খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট। তারপর সেখানে টেস্ট সিরিজের ব্যাপারে বাংলাদেশ সিদ্ধান্তে পৌঁছাবে।’
সূচি অনুযায়ী ২৩, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।