চোখ বন্ধ রেখে রুবিকস কিউব মিলিয়ে আলোচনায় বিস্ময় বালক (ভিডিও)

চোখ বন্ধ রেখে তো দূরের কথা, খোলা রেখে কয়েক ঘণ্টা বসেও অনেকে রুবিকস কিউবের রং মেলাতে পারেন না। সেখানে ভারতের এক বালক চোখ বন্ধ রেখে এটি মিলিয়ে বিস্ময় উপহার দিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি পোস্ট করেছেন ভারতের আইপিএস অফিসার প্রবীণ কাসওয়ান।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অরুণাচলের প্রত্যন্ত গ্রামের এক বালক মাত্র কয়েক সেকেন্ডে রুবিক্স কিউবের ধাঁধা সমাধান করে ফেলছে। তাও আবার চোখ বন্ধ করে।

প্রবীণ পোস্টটির সঙ্গে যে তথ্য দিয়েছেন, সেই তথ্য অনুযায়ী ছেলেটির নাম চিন্তা। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চিন্তা নামের ওই বালক প্রথমে রুবিক্‌স কিউবটিকে ভালভাবে দেখে নেয়। কোথায় কোন রং আছে মনে রাখার চেষ্টা করে। তারপর চোখ বন্ধ করে সেটিকে ঘোরাতে থাকে। কয়েক সেকেন্ড পরেই ম্যাজিক। সব রং যথাযথভাবে মিলে যায়।