লর্ডসে ৫৯ ওভারের খেলায় ১৬ উইকেটের পতন

আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:২৫ এএম

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি সম্পূর্ণ নিজেদের করে নিয়েছে বোলাররা। বৃষ্টির কারণে বিঘ্নিত প্রথম দিনে মাত্র ৫৯ ওভার খেলা সম্ভব হলেও, তার মধ্যেই দুই দলের ১৬টি উইকেট হারিয়েছে। কাইল জেমিসনের ফাইফারে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই গুঁটিয়ে গেছে ইংলিশরা। জবাবে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডও তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে। তারা ইংল্যান্ডের চেয়ে ৭৯ রানে পিছিয়ে রয়েছে।

লর্ডসের মেঘলা আকাশ আর স্যাঁতসেঁতে কন্ডিশনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। তার এই সিদ্ধান্তকে শতভাগ সঠিক প্রমাণ করেন পেসার কাইল জেমিসন। তার সুইং আর বাউন্সের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬২ রান খরচায় ৫টি উইকেট শিকার করে ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন জেমিসন। তার শিকার হয়ে মাঠ ছাড়েন অভিষেক হওয়া ওপেনার এমিলিও গে, জেমি স্মিথ, অধিনায়ক বেন স্টোকস, গাস অ্যাটকিনসন ও ওলি রবিনসন।

ইংল্যান্ডের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন হ্যারি ব্রুক। তিনি ৭১ বলে ৫৬ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। তবে নাথান স্মিথকে ছক্কা মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হলে ইংল্যান্ডের বড় স্কোরের আশার গুড়েবালি বালি পড়ে। দলটির মাত্র ৫ জন ব্যাটার দুই অঙ্কের কোঠা ছুঁতে পেরেছেন। নিউজিল্যান্ডের পক্ষে নাথান স্মিথ ৩৮ রানে ৩টি এবং উইল ও'রুরকে ২৫ রানে ২টি উইকেট নেন।

১৪০ রানে অলআউট হওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে চেপে ধরতে বেশি সময় নেয়নি ইংলিশ পেসাররা। বিশেষ করে, দীর্ঘ প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রত্যাবর্তনের ম্যাচেই লর্ডসের দর্শকদের অবিশ্বাস্য এক ওভার উপহার দেন ওলি রবিনসন। তিনি একটি ‘ট্রিপল-উইকেট মেইডেন’ ওভার তুলে নিয়ে কিউইদের টপ অর্ডার লণ্ডভণ্ড করে দেন।

দিন শেষে ৬১ রানে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডও এখন বেশ চাপে রয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত