উত্তর-পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ জিবুতি। কয়েক দিন আগে জিবুতিতে সর্ববৃহৎ মসজিদ-কমপ্লেক্স নির্মিত হয়েছে। উসমানি খেলাফতের শেষ সুলতান আবদুল হামিদ দ্বিতীয়’র নামে মসজিদের নামকরণ করা হয়েছে। রাজধানী জেবুতির প্রেসিডেন্ট হাউজের পাশেই বিশাল এ মসজিদ কমপ্লেক্স। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জেবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গাওলা ২০১৫ সালে যৌথভাবে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক নির্মাণকাজ উদ্বোধন করেন। তুর্কি প্রেসে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
সুলতান আবদুল হামিদ কমপ্লেক্সটি ১৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্ত…ত। এতে উসমানীয় স্থাপত্যশৈলীর পাশাপাশি এতে আধুনিক স্থাপত্যরীতি শোভা পেয়েছে। একসঙ্গে ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এতে। মসজিদের সর্বোচ্চ গম্বুজের উচ্চতা ২৭ মিটার। গম্বুজে ৪৬ মিটার উচ্চ মিনার রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, সৌন্দর্য ও নান্দনিকতায় সুলতান আবদুল হামিদ মসজিদ জেবুতির অদ্বিতীয় মসজিদের উপাধি লাভ করেছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় কমপ্লেক্সটি নির্মাণে সব ব্যয়ভার বহন করেছে।
কমপ্লেক্সে নামাজের স্থান ছাড়াও ৪০০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ইসলামি শিক্ষাকেন্দ্র, সুবিশাল কনফারেন্স রুম, গণপাঠাগার, ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত হলরুম ও শিশুদের কোরআন শিক্ষার জন্য স্বতন্ত্র মাদরাসা রয়েছে।
সুলতান দ্বিতীয় আবদুল হামিদ মসজিদ কমপ্লেক্সটি এখন পর্যটনস্থলে পরিণত হয়েছে। প্রাচীন নির্মাণশৈলী ও আধুনিক কারুকার্যমণ্ডিত মসজিদটি দেশি-বিদেশি পর্যটকের কাছে ভীষণ আকর্ষণীয়। স্থানীয় গণমাধ্যমের বরাত অনুযায়ী প্রতিদিন কয়েক হাজার মানুষ মসজিদটি দেখতে আসে।