মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ড্রয়ের পর এবার শেখ রাসেলকেও রুখে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে ফেডারেশন কাপ ফুটবলে ‘ডি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের আশা বেঁচে থাকল দলটির।
এক দিন বিরত দিয়ে মঙ্গলবার ফের শুরু হয়েছে ফেডারেশন কাপ ফুটবল। এদিন ‘ডি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। চার দলই তাদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলল। এরপরও বলা যাচ্ছে না উত্তর বারিধারা বাদে কোন দুটি দল এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাবে। অর্থাৎ আসরে একমাত্র চার দলের গ্রুপটি এখনো উন্মুক্ত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা ২-১ ব্যবধানে উত্তর বারিধারাকে হারায়। তাতে ১ জয় ও ১ ড্রয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অপর ম্যাচে মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করায় শেখ রাসেল ক্রীড়া চক্রেরও সংগ্রহ ৪। দলটি নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছিল ১-০ গোলে।
আর দু’ম্যাচে ড্র করে মোহামেডানের সংগ্রহ ২। অর্থাৎ এই তিন দলেরই সম্ভাবনা আছে শেষ আটে যাওয়ার। শেষ পর্যন্ত কোন দুটি দল শেষ আটে পা দেয় দেনি জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। সেদিনই এই গ্রুপের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দিনের দ্বিতীয় ম্যাচে রাসেলের মুখোমুখি হয়ে মোহামেডান খেলেছে লড়াকু ফুটবল। শক্তিতে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ তারা প্রথম তৈরি করে ১৯তম মিনিটে। জাপানের উরু নাগাতার শট রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফিরিয়ে দেন দারুণ ক্ষিপ্রতায়। ফিরতি বলে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের শটও ফিরিয়ে দেন জাতীয় দলের এই গোলরক্ষক।
৩২ মিনিটে মোহামেডান থেকেই রাসেলে নাম লেখানো তখলিস গোলবঞ্চিত হন অল্পের জন্য। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নাইজেরিয়ান রাফায়েলের ফ্রি-কিক মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন তালুবন্দী করলে সেভাবে আর সুযোগ তৈরি করতে পারেনি রাসেল। ফলে ম্যাচটা শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এদিকে দু’বছর পর শীর্ষ লিগে ফেরা উত্তর বারিধারার প্রত্যাবর্তনটা ভালো হলো না। তারা মুক্তিযোদ্ধার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। দিনের প্রথম ম্যাচটিতে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বারিধারা। কিন্তু পরের দু’গোল করে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল মুক্তিযোদ্ধা।
ম্যাচের ৪০ মিনিটে ধারার বিপরীতে গোল খেতে হয় মুক্তিযোদ্ধাকে। গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবো দূরপাল্লার শটে গোল করেন। বিরতির আগেই অবশ্য সমতায় ফিরেছে মুক্তিযোদ্ধা গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার গোলে। আর ৭৪ মিনিটে জাপানের নারিতো হাসিগুচির গোলে জয় নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার।