মুজিববর্ষ উদযাপন

গোপালগঞ্জে ৫ সহস্রাধিক প্রবীণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ সদরসহ পাঁচ উপজেলায় ৫  সহস্রাধিক প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলার পাঁচটি স্থানে এ সেবা দেওয়া হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা এসব ক্যাম্পের উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইলিয়াছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা স্বাস্থ্যসেবা দেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘অনেক সময় আপনজনরা প্রবীণদের খোঁজখবর নেয় না। সে চিন্তাভাবনা থেকেই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’