অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ছড়িয়ে পড়া দাবানলে বন্ধে সে দেশের মুসলিমরা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। গত সোমবার (২২ ডিসেম্বর) বৃষ্টির নামাজ পড়তে শত শত মুসলিম সিডনির মসজিদ ও বাইরের আঙিনায় জড়ো হয়েছেন। নামাজ শেষে তারা দীর্ঘক্ষণ দোয়া করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএসে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে। সিডনির আল-রহমান মসজিদের ইমাম ইউসুফ নাভা সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে আমরা যে অসহনীয় পরিস্থিতিতে বাস করছি সেটিকে লক্ষ রেখেই আমরা বৃষ্টির নামাজ পড়তে চেয়েছিলাম। এই সংকটময় অবস্থায় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আমাদের ধর্মীয় ও মানবিক দিককে প্রতিফলিত করছি। সংকটময় পরিবেশে আল্লাহর সাহায্য লাভের জন্য স্থানীয় মুসলিম নেতারা তিন দিন রোজা রাখার আহ্বান জানান। অস্ট্রেলিয়াতে এ ধরনের দাবানল এই প্রথম নয়। প্রত্যেকবার মুসলমানরা দেশের আক্রান্ত স্থানীয়দের সাহায্য করে থাকেন। ইসলামিক সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া দাবানলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহের জন্য নতুন আয়োজন চালু করেছেন। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান আদমশুমারি অনুসারে, অস্ট্রেলিয়াতে মুসলিম সংখ্যা ষাট লাখের বেশি। মোট জনসংখ্যার ২.৬%। এই পরিসংখ্যানে আগের চেয়ে ১.১৫% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।