নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৯ দিন পর আবদুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুস সাত্তারের বাড়ি উপজেলার মাঝগাঁও দক্ষিণপাড়া গ্রামে।
সাত্তারের স্বজনরা জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৬ ডিসেম্বর বিকেলে স্থানীয় বাজারে চা খেতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এক সপ্তাহ ধরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে তার স্বজনরা থানায় জিডি করেন।
মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের এক ব্যক্তি বিলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা এসে লাশটি সাত্তারের বলে নিশ্চিত করেন।