ছাত্রলীগ পরিচয়ে কুবি ছাত্রের কাণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজির চতুর্থ বর্ষের ছাত্র আহসান হাবীব পলিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি-ধমকি, মারধর ও ছাত্রীদের নানা অশ্লীল প্রস্তাবের অভিযোগ উঠেছে। ছাত্রলীগ পরিচয়ে ক্যাম্পাসে তিনি এসব অপকর্ম করেন। তবে ছাত্রলীগ নেতারা বলছেন, পলিন তাদের সংগঠনের কেউ না।

শিক্ষার্থীরা জানান, পলিন ফেইসবুকে নারীদের নিয়ে বিদ্বেষপূর্ণ পোস্ট দেন ও মন্তব্য করেন। প্রথম বর্ষের ছাত্রীদের টার্গেট করে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হলে তাদের নামে অশ্লীল কথাবার্তা রটান। এমনই একটি ঘটনার প্রতিবাদ করায় গত ১৮ ডিসেম্বর আইনের ছাত্র রাকিব মাহমুদকে মারধরের হুমকি দেন পলিন।

একাধিক ছাত্রী জানান, পলিন তাদের মেসেঞ্জারে সানি লিওনের খোলামেলা ছবি পাঠিয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়েছেন। না দিলে অশালীন ভাষায় গালাগাল করেন। ইংরেজি বিভাগের এক ছাত্রী জানান, পরিচয়ের পর বড়ভাই হিসেবে পলিনকে সম্মান করতেন। কিন্তু কিছুদিন পরই তার আসল চেহারা দেখতে পান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ও কুমিল্লা সদর দক্ষিণ শাখা ছাত্রলীগের পরিচয়ে পলিন এসব করলেও, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, পলিন তাদের সংগঠনের কেউ নয়। ছাত্রসেনা করে। ক্যাম্পাস খুললে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

অভিযোগের বিষয়ে পলিন জানান, তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। জামায়াত-শিবিরের লোকেরা তাকে ফাঁসাতে আইডি হ্যাক করে এসব ঘটনা ঘটিয়েছে। শিগগিরই থানায় জিডি করবেন। অবশ্য কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপিও জানান, পলিন নামে তারা কাউকে চেনেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, পলিনের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।