‘৩৭০, সিএএ, রামমন্দিরেই সমাধান খুঁজে পেয়েছে ভারতীয়রা’

কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল, রাম মন্দির ও সংশোধিত নাগরিকত্ব আইন হলো ভারতের ‘ত্রিফলা’। এই তিনেই ‘১৩০ কোটি ভারতবাসী সব সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন’- দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আনন্দবাজার পত্রিকা জানায়, সিএএ-এনআরসি-এনপিআর নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই বুধবার লখনউতে অটলবিহারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মোদি।

সেখানেই ভারতের বলেন, ‘‘৩৭০ অনুচ্ছেদ রদ, রাম মন্দির ইস্যু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পথও পরিষ্কার। ১৩০ কোটি ভারতবাসী আস্থার সঙ্গে সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।’’

দ্বিতীয়বার ক্ষমতায় এসে দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি তথা এনডিএ সরকার।

প্রথমত, ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া। উপত্যকাকে কার্যত গোটা ভারত থেকে বিচ্ছিন্ন করে রেখে যেভাবে আইন কার্যকর করা হয়েছে- তা নিয়ে প্রশ্ন থাকলেও মোদি সরকার তাকে নিজেদের সাফল্য হিসেবেই প্রচার করে আসছে।

দ্বিতীয়ত, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ। এই বিল আইনে পরিণত হতেই তীব্র প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কার্যত পুরো ভারত। পুলিশ-জনতা সংঘর্ষে একাধিক রাজ্যে অনেক প্রাণহানি হয়েছে। তবু এটাও নিজেদের সাফল্যের তালিকায় ওপরের দিকেই রাখছেন মোদি-অমিত শাহ। এদিকে সুপ্রিম কোর্ট অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরিতে সবুজ সংকেত দিয়েছে।

এই সব সাফল্যের কথা তুলে ধরেই মোদি বোঝাতে চেয়েছেন, ভারতের সব সমস্যার সমাধান হয়ে গেছে।

বিরোধীরা অবশ্য বরাবরই অভিযোগ করেন, অর্থনীতি, কর্মসংস্থান, বেসরকারিকরণ, শিল্পে ভাটার মতো গুরুতর সমস্যা থেকে নজর ঘোরাতে কখনো মেরুকরণ, কখনো পাকিস্তান বা জাতীয়তাবাদের হাওয়া তুলে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।