ডাকসুতে হামলায় আহত ঢাকা মেডিকেলে ভর্তি আটজনের মধ্যে ভিপি নুরুল হক নুরসহ তিনজনকে হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়া হচ্ছে।
বাকি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
তিনি বলেন, নুরুল হক নূর এখন ভালো আছেন। তার কনুইতে ব্যাথা রয়েছে বলে জানাচ্ছেন। সেখানের একটি এক্স-রে করা হয়েছে। নাজমুলেরও এক্স-রে করা হয়েছে। ফারুকেরও কানে সমস্যা ছিল। নাক-কান-গলা বিভাগ ও অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা তাকে আরো ভালোমতো দেখেছে।
সব টেস্টের রিপোর্ট দেখেই তাদের তিনজনকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ঢামেক পরিচালক।
তিনি জানান, এ ছাড়া সোহেলকে আইসিইউ থেকে এইচডিইউতে, ফারাবীকে এইচডিইউ থেকে শনিবার কেবিনে দেওয়া হবে। আর মেহেদী ও আরিফ আগে থেকেই কেবিনে রয়েছে। তাদের আরও কয়েকদিন অবজারভেশনে রাখা হবে।
রবিবার দুপুর ১টার দিকে ডাকসু ভবনে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ তার সংগঠনের অন্তত ২৪ জন আহত হন। হামলার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।