ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে গোলবন্যায় ভাসায় দলটি। ৫-১ গোলের দাপুটে জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ আট নিশ্চিত করেছেন মারিও লেমোসের শিষ্যরা।
দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে পা দিল আবাহনী। অন্যদিকে আরামবাগ দুই ম্যাচের দুটিতেই হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন।
গ্রুপের অন্য দল পুলিশ এফসি এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে শেষ আটের টিকিট পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ৪-০ গোলে হারলেও আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছিল পুলিশ এফসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করেছি আবাহনী। দ্বিতীয়ার্ধে আদায় করে আরো চার গোল। আবাহনীর পক্ষে গোল পাঁচটি করেছেন- সানডে চিজোবা, নাবীব নেওয়াজ জীবন, নাসির উদ্দিন চৌধুরী, মামুনুল ইসলাম ও ফয়সাল আহমেদ। আরামবাগের পক্ষে একমাত্র গোলটি করেন মুরাদ হোসেন চৌধুরী।
শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাবের।