হাত-পা বাঁধা, মুখে কাপড় গোঁজা শিশুর লাশ

রাজধানীর ভাটারা নতুন বাজার বারোবিঘা এলাকায় নিজ বাসার পাশের একটি বাসা থেকে আয়শা আক্তার ইয়াসফা (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। শিশুটির দুই হাত, পা বাঁধা ছিলে এবং মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ইয়াসফার বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলার মুন্সিকান্দি গ্রামে। বাবা রাজধানীর শাহজাদপুরে কাপড় ব্যবসায়ী ইয়াসিন মোল্লা ও মা মরিয়ম বেগমের দু’সন্তানের মধ্যে ছোট আয়শা। নতুন বাজার সিকদার জামে মসজিদের পাশে নিজেদের বাড়িতে থাকত তারা। এলাকারই গুড নিবাস নামের একটি স্কুলের কেজি ক্লাস থেকে পাস করে সে। সব বিষয়েই ভালো নম্বর পেয়েছে। টিনশেড সাতটি ঘর তাদেরই। যার পাঁচটি ভাড়া দেওয়া।

শিশুর বাবা ইয়াসিন জানান, তিনি সারা দিন ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বিকেল ৫টার দিকে আয়শার মা তাকে ফোন দিয়ে জানায় আয়শাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে ইয়াসিনও বাসায় গিয়ে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। এরপরও কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে।

তিনি জানান, একপর্যায়ে এলাকার মসজিদের মাইকিং করতে গেলে তখন ফোনে আবার শুনতে পান পাশের ভাড়াটিয়াদের বাসায় তাকে পাওয়া গেছে। তাকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে আয়শাকে দেখতে পান।

শিশুটির মামা আলমগীর হোসেন জানান, তাদের পাশের বাসার ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় আশাকে। এ সময় তার হাত,পা রশি দিয়ে বাঁধা ছিল। মুখের ভেতর কাপড় দেওয়া ছিল।

স্বজনরা জানান, ওই বাসাটি এক পরিবারের কাছে ভাড়া দেওয়া হয়েছে। সে নিজে বাক প্রতিবন্ধী। দু’ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন। তাদের বাসার ভেতর থেকেই আয়শার লাশ পাওয়া গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট ভাটারা থানায় বিষয়টি জানানো হয়েছে।