সিনেমার গান, নাটকের গান, মিউজিক ভিডিও ও অডিও– নানা মাধ্যমে বছরজুড়ে অনেক গান প্রকাশ করেছেন শিল্পীরা। এর মধ্যে অল্প কিছু গান প্রশংসিত হয়েছে। কিছু গান ইউটিউবে বেশ সাড়া পেয়েছে। দুই ধরনের মধ্যে আলোচিত ১০ গান নিয়ে এই আয়োজন
রুনা লায়লার নতুন অভিষেক
উপমহাদেশের কিংবদিন্ত সংগীতশিল্পী রুনা লায়লা। কিন্তু এ বছর তিনি নতুনভাবে দর্শককে চমকে দিয়েছেন। যদিও গত বছর তার সুর করা গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঁাখি আলমগীর। কিন্তু এ বছর তিনি যতগুলো তার গান করেছেন তার বেশিরভাগই নিজের সুরে। এর মধ্যে ‘ফেরাতে পারিনি’ শিরোনামের সেমি ক্লাসিক্যাল গানটি দর্শক খুব পছন্দ করেছে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন ভারতের রাজা ক্যাশফ। ভিডিওতে মডেল হয়েছেন নিলয় আলমগীর ও সালহা খানম নাদিয়া। এরপর রুনা লায়লা পর পর বের করেছেন তার সুরে আশা ভোঁসলে, রাহাত ফাতেহ আলী খান, হারিহরন ও আদনান সামির গান। এগুলোও প্রশংসিত হয়েছে।
আসিফের ‘গহীনের গান’
সদ্য মুক্তি পেয়েছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের প্রথম সিনেমা ‘গহীনের গান’। এটি মূলত একটি মিউজিক্যাল ফিল্ম। ৯টি মৌলিক গান রয়েছে আসিফের কণ্ঠে। এরমধ্যে ‘তোমাদের শহরে বন্দি’, ‘বাবা’, ‘বন্ধু তোর খবর কিরে’ গানগুলো দর্শক বেশি পছন্দ করেছেন। এ গানগুলোতে আসিফের চিরাচরিত গানের ঢংকে ছাপিয়ে গেছে।
খোকা
প্রীতম হাসানের গাওয়া ‘খোকা’র অডিও-ভিডিও দুটিই বেশ প্রশংসা কুড়িয়েছে। ৯০ লাখের ওপরে ভিউ হওয়া গানটির ভিডিওতে লাইক পড়েছে পৌনে দুই লাখ! কমেন্ট পড়েছে ১৩ হাজারের ওপর। সেখানে অনেকেই লিখেছেন, বাংলাদেশের অন্যতম সেরা মিউজিক ভিডিও এটি। গানটির একটি বিশেষ অংশ গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। নুyহাশ হুমায়ূনের নির্মাণে এই ভিডিওতে মডেল হয়েছেন সাফা কবির ও সিয়াম।
‘ফাগুন হাওয়া’ সিনেমার তোমাকেই চাই
তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবির গানটিকে বছরের অন্যতম প্রশংসিত গান বললেও ভুল হবে না। ৩১ লাখের ওপর ভিউ হওয়া গানের কথাগুলো বছরজুড়ে ঘুরেছে ফেইসবুকের দেয়ালে দেয়ালে। কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। স্ত্রী সুকন্যাকে নিয়ে কণ্ঠও দিয়েছেন তিনি। অভিনয় করেছেন তিশা ও সিয়াম।
তাহসান-বালামের ‘হঠাৎ’
তাহসানের কথায় নিজের সুরে বালাম গেয়েছিলেন ‘হঠাৎ’। সংগীতায়োজনে অ্যাপিরাস। গানটির ভিডিওতে সুজনার সঙ্গে বালামের অভিনয় নজর কেড়েছে সবার। ভিডিও নির্মাতা অদিত। ‘দ্য ইন্ডাস্ট্রি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটির ভিউয়ার প্রায় ১৮ লাখ। লাইক পড়েছে ৩৩ হাজারের বেশি।
হাবিবের ‘আলিঙ্গনে’
হাবিব ওয়াহিদের প্রথম দিককার গানগুলোর মধ্যে একটা নতুন ধারার সুরের মূর্ছনা ছিল। দর্শককে একঘেয়েমি করবেন না বলে এতদিন সচেতন ভাবে তিনি কোনো গানে ওই ধরনের সুর করতেন না। কিন্তু অনেক দিন পর পুরনো সুরের আবেশে তিনি তৈরি করেন ‘আলিঙ্গনে’ গানটি। আবারও দর্শক গানটিকে আপন করে নেয়। ইউটিউবে গানের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দারুণ সব প্রশংসার কথা লিখেছেন দর্শক।
ইমরান-কনার ‘তুই কি আমার হবি রে’
এটি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ^সুন্দরী’র গান। সিয়াম আহমেদ-পরীমনি জুটির সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায়। কিন্তু এরই মধ্যে জনপ্রিয় জুটি ইমরান ও কনার গাওয়া গানটি মানুষের মনে ধরেছে। পছন্দ হয়েছে নায়ক-নায়িকার রসায়নও।
‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’-এর ফেরাতে পারিনি
আবু বকর রোকন পরিচালিত ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকের গান। নাভেদ পারভেজের সুর-সংগীতে গেয়েছেন রেহান রসুল। অভিনয়ে আরফান নিশো ও মেহজাবীন। ৭৫ লাখ ভিউর গানটিতে কমেন্ট পড়েছে সাড়ে চার হাজার।
ঐশীর রঙ্গিলা বেবি
সফট রোমান্টিক গানই বেশি পছন্দ করেছে দর্শক। কিন্তু কিছু গান আছে ব্যতিক্রম। যেমন তরুণ সংগীতশিল্পী ফাতিমা তুজ জোহরার গাওয়া ‘রঙ্গিলা বেবি’ গানটি। এটি মাহিয়া মাহি অভিনীত ‘অবতার’ সিনেমার আইটেম গান। গানটিতে ঐশীর কণ্ঠের মাদকতা ও মাহির নাচ মুগ্ধ করেছে দর্শককে।
শাকিব খানের দুই গান
পুরনো গান যে মানুষ এখনো সমান ভালোবাসে তার আবারও প্রমাণ শাকিব খানের দুই সিনেমার দুই গান। তার ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানে বিখ্যাত ফোক গান ‘পাগল মন, মন রে, মন কেন এতো কথা বলে’ লাইনটি জুড়ে দেওয়ার জন্য গানটি দারুণ পছন্দ করেছে দর্শক। একইভাবে শাকিব খান-নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’র গানে জুড়ে দেওয়া হয় ‘রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে’ লাইনটি। এ গানেরও অনেক ভিউ হয়েছে ইউটিউবে।