তুরস্কের একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ সাতজনের মরদেহ এবং জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে। নৌকাটিতে বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির আনাতোলিয়া অঞ্চলের ভ্যান লেকে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীরা ছিলেন। বিতলিস যাওয়ার পথে এটি ডুবে যায়। লেক ভ্যানের অবস্থান ইরান সীমান্তের কাছাকাছি। তবে পুরো লেকই তুরস্কের ভূখণ্ডের ভেতরে অবস্থিত। অভিবাসীরা প্রায়ই ইরানের এই সীমান্ত দিয়ে তুরস্ক হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। তবে কী কারণে তারা নৌকায় উঠেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ২০১৫ সাল থেকে এই পথ দিয়ে শরণার্থীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। ২০১৬ সালে ইইউ ও তুরস্কের এক সমঝোতার পর এই হার অনেক কমে আসে। মূলত গ্রিস দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় এই উপকূল দিয়ে পাড়ি জমান অভিবাসীরা।
অবশ্য স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যায় আরও দুজন। ৬৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌকাতে ঠিক কত জন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি।