সুনামগঞ্জে চলন্ত বিআরটিসি বাসে হামলা

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় বিআরটিসির একটি চলন্ত বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা এক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

বিআরটিসি বাসে থাকা যাত্রীরা জানান, যাত্রীবাহী বাসটি সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ এলাকায় আসার পর চলন্ত বাসটির বাম দিক থেকে দুর্বৃত্তরা পাথর ছুড়ে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। জানালার কাছে বসা এক যাত্রী ঢিলের আঘাতে গুরুতর আহত হন। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিআরটিসি বাসের যাত্রী শফিকুল ইসলাম বলেন, বাসে ঢিল ছুড়ে হামলাকারীরা পালিয়ে যায়। বৃষ্টি থাকায় আমরা হামলাকারীদের চিনতে পারিনি।

বিআরটিসির প্রতিনিধি সুয়াইব আহমদ জানান, এর আগেও কয়েকবার আমাদের কাউন্টারে হামলা হয়, কিন্তু সদর থানা মামলা নেয়নি। আজকে আবার চলন্ত বাসে হামলা হয়েছে। বাসটি আমরা দক্ষিণ সুনামগঞ্জ থানায় পাঠিয়েছি অভিযোগ দেওয়ার জন্য।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, চলন্ত বাসে হামলার ঘটনা যারাই ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘ দিন ধরে সিলেট রুটে বিআরটিসি বাস বন্ধের দাবি জানিয়ে আসছিল। তারা এ দাবিতে কর্মবিরতিও পালন করে। এর আগে কয়েকটি বাসে হামলার ঘটনায় তাদের তাদের অভিযুক্ত করা হয়।