জমি নিয়ে বিরোধ শেরপুরে হামলায় নিহত ১

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন দেলু নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে দুজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের হরিণাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন বিপুল (২২), বাবু (৩০), শিরিনা বেগম (৬০), শিমু (৩৫), তাহমিনা খাতুন (২২)।

নিহত দেলোয়ারের ভাই বাবু মিয়া জানান, হরিণাকান্দা গ্রামের একটি জমি নিয়ে ইব্রাহিম খলিল ও শাজাহানদের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার হোসেন দেলুর বিরোধ চলছিল। গতকাল সকালে দেলোয়ারের সঙ্গে শাজাহানের স্ত্রী লাভলী বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম খলিল এবং তার সহযোগীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা চালালে ছয়জন আহত হয়।

পরে আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দেলোয়ারসহ চারজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দেলোয়ার মারা যান। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও তানভীর আহমেদ বলেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেন দেলু, আজমল হোসেন, বাবু মিয়া ও বিপুল মিয়াকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় দেলোয়ার মারা যান।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।