দেশের যুবসমাজ ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধানতম শক্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুব সমাজ। তারা দেশের মূল্যবান সম্পদ। এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।’
গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড কর্র্তৃক তিন সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘যুব উন্নয়নে সরকারের অগ্রাধিকার হচ্ছে যুবকদের মানসম্মত শিক্ষা প্রদান, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ।’
তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে যে-জাতি যত সাফল্য অর্জন করবে, সে জাতি জীবন-জীবিকার মানোন্নয়নে ও মানবিক গুণাবলি বিকাশে ততটাই অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করবে। সেজন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার অধিকার ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল হওয়ার পথে ধাবমান। এই উন্নয়নের সুফল থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে-লক্ষ্যে সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সমন্বিত কর্মপন্থা বাস্তবায়ন করে চলেছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কয়েক শিক্ষার্থীর হাতে বৃত্তিপত্র তুলে দেন আইনমন্ত্রী। এ সময় ডাচ্-বাংলা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।