ফেডারেশন কাপে ‘ডি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। আর মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ফলে গ্রুপ পর্ব শেষে শেখ রাসেল, মোহামেডান এবং মুক্তিযোদ্ধার পয়েন্ট হয় সমান ৫। এমনকি তিন দলের গোল পার্থক্যও সমান। পরে বাইলজ অনুযায়ী বেশি হলুদ কার্ড পাওয়ায় ছিটকে যায় শেখ রাসেল। গ্রুপ চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা, রানার্সআপ মোহামেডান।
১ যুগ পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ : জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০০৭ সালের পর আর মাঠে গড়ায়নি। ১২ বছর পর আগামী মাসের মাঝামাঝি সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধুর নামে প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে। ফিফা-এএফসিতে যেভাবে টুর্নামেন্ট হয়, সেভাবেই আয়োজন করব।’ তিনি বলেন, ‘এখন থেকে প্রতি জানুয়ারিতে মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে।’