শেষ ১২ ম্যাচের ৯টিতে হার। সর্বশেষ যাচ্ছেতাই অবস্থা ঘরের মাঠে, লেস্টার সিটির বিপক্ষে। এরপর আর চাকরিটা টিকিয়ে রাখতে পারলেন না ওয়েস্ট হ্যামের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।
শনিবার ২-১ গোলে হারার দুই ঘণ্টার ভেতর পেলেগ্রিনিকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে বিবিসি। ওয়েস্ট হ্যাম এখন পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে। অবনমন অঞ্চল থেকে এক পয়েন্ট উপরে!
ওয়েস্ট হ্যামের সাবেক কোচ ডেভিড ময়েস আবার দায়িত্বে ফিরতে পারেন।
দলটির জয়েন্ট-চেয়ারম্যান ডেভিড সুলিভানি বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের জন্য হতাশার। তবু দলকে পথে ফেরাতে নিতেই হল।’
পেলেগ্রিনি ১৮ মাস আগে দলটির দায়িত্ব নিয়েছিলেন। ২০১৮ সালের মে মাসে তিন বছরের চুক্তিতে তাকে কোচ করা হয়।
ময়েস ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত ছয় মাস ওয়েস্ট হ্যামের কোচ হিসেবে কাজ করেন। এখনো তার সঙ্গে কোনো চুক্তি না হলেও তাকেই সম্ভাব্য নতুন কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আগেরবারও যখন দায়িত্ব নেন, তখন ওয়েস্ট অবনমন অঞ্চলে পড়ে ধুঁকছিল। শেষ পর্যন্ত দলটিকে উদ্ধার করে ১৩ নম্বরে নিয়ে আসেন।