রোদেলা রবিবারে ওপেনার টম ব্লান্ডেলের ঐতিহাসিক সেঞ্চুরির পরও মেলবোর্ন টেস্ট পঞ্চমদিনে নিতে পারেনি নিউজিল্যান্ড। চারদিনের ভেতর ২৪৭ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করতে হল তাদের।
এদিনও অজি বোলাররা দারুণ দক্ষতা দেখিয়েছেন। স্পিনার নাথান লায়ন চার উইকেট নেন। প্যাটিনসন ফিরিয়েছেন তিনজনকে।
অস্ট্রেলিয়া আগের দিন ৪৫৬ রানের লিড নিয়েছিল। এদিন ৪৮৮ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করে তারা। নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৪০ রানে।
একাই লড়াই করা ব্লান্ডেল ওপেনে নেমে ২১০ বলে ১২১ রান করেন। ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটসম্যান আগে কোনোদিন পাঁচ নম্বরের উপরে ব্যাটই করেননি! সেই তিনি অজি পেসারদের সামলিয়েছেন দারুণ দক্ষতায়।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩১৯ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস দারুণ শুরু করে এই সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন।
রবিবার ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৬৮ পর্যন্ত গেলে লিড ৪৮৮ হওয়ায় আর সামনে যাওয়ার প্রয়োজন মনে করেনি দলটি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে কিউইরা। কামিন্স ১৭ ওভার হাত ঘুরিয়ে পাঁচজনকে ফেরান। খরচ করেন ২৮ রান। ৩৪ দিয়ে তিন উইকেট জেমস প্যাটিনসনের। বাকি দুটি মিচেল স্টার্কের।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান (১১৪) ট্রাভিস হেড হয়েছেন ম্যাচসেরা।
তিন ম্যাচ সিরিজের শেষটি শুরু হবে ৩ জানুয়ারি, সিডনিতে। কিউইরা প্রথম ম্যাচ হেরেছিল ২৯৬ রানে।