ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়ে গিয়েছে গত সপ্তাহেই। নতুন বছরের প্রথম সপ্তাহেই বছরের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে ভারত। মাঝে ছোট্ট বিরতিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
বছরের শেষ কয়েকটাদিনের জন্য সুইজারল্যান্ড পাড়ি দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। সঙ্গী অবশ্যই ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি আনুশকা শর্মা।
বরফে ঘেরা সুইজারল্যান্ডের একটি পার্বত্য অঞ্চলে তাদের হলিডে’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কোহলি। ক্রিসমাসও দুজনে সেখানে কাটিয়েছেন বলে জানা গেছে।
আগামী ৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দলের সঙ্গে যোগ দিতে কবে দেশে ফিরবেন কোহলি তা জানা যায়নি। তবে বাইশ গজকে কিছুটা পাশ কাটিয়ে সস্ত্রীক কোহলি যে বছর শেষের আনন্দে পুরোপুরি মশগুল তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে অল্প দিনের ছুটিতে গন্তব্য হিসেবে সস্ত্রীক জাদেজা বেছে নিয়েছেন লন্ডনকে। যুক্তরাজ্যের রাজধানী শহরের ওয়েস্টমিনস্টারে স্ত্রী রিভা সোলাঙ্কির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।