বাগেরহাটের কচুয়ায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশু ও নারীসহ অন্তত ১০ জন।
রোববার বিকেল পাঁচটার দিকে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার বিলকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক শিশুকে চিকিৎসার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
কচুয়া থানার ওসি তদন্ত ইকবাল হোসেন ও বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ওহিদ সন্ধ্যায় ঘটনাস্থলে এই প্রতিবেদককে বলেন, বিকেল পাঁচটার দিকে খুলনা থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি বিলকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসী দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গ্রামবাসীদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন।
তরা জানান, একজন যাত্রী ওই বাসের নিচে চাপা পড়ে মারা গেছেন। চাপা পড়া ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। গ্রামবাসী দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়ায় অধিকাংশ যাত্রীকে পুকুরে পড়ে যাওয়া বাস থেকে বের করে আনা সম্ভব হয়েছে।