নিউ ইয়র্কে যাজকের বাড়িতে হামলায় আহত ৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইহুদি যাজকের বাসায় ছুরি হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত শনিবার মনসের ফরশে রোডের এক ইহুদি যাজকের বাসায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীকে পুলিশ আটক করলেও হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (ওজেপিএসি) এক টুইট বার্তায় লিখেছে, আহতদের একজন অন্তত ছয়বার হামলার শিকার হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ইহুদিবিরোধী হুমকি ও হামলার পর ওইসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো এক বিবৃতিতে হামলাগুলোকে ঘৃণ্য ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছেন, যেকোনো ধরনের ধর্মান্ধতা ও ইহুদিবিদ্বেষ আমাদের বৈচিত্র্যময় মূল্যবোধের জন্য বেমানান। আমরা এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছি।

হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তিনি টুইট বার্তায় লিখেছেন, এমন ঘৃণ্য কাজের ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের প্রশাসন। নিউ ইয়র্কের পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, বিষয়টি তাদের গভীর পর্যবেক্ষণে রয়েছে।

হামলার শিকার অ্যারোন খোন বলেছেন, আমি আমার জন্য প্রার্থনা করছিলাম।