নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন স্বপন (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন।
নিহত শাহাদাত হোসেন স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহাদাত খুনসহ ২৩ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরিফুর রহমান জানান, তালিকাভুক্ত আসামি শাহাদাত হোসেন স্বপনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। রবিবার সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শাহাদাত পুলিশকে জানান তার দলের সদস্যরা ডাকাতি করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদীর পাড়া এলাকায় অবস্থান করছে। রাতেই থানা ও ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ছোড়ে।
গোলাগুলিতে শাহাদাত গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরিফুর রহমান জানান, এ গোলাগুলিতে পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিুজুর রহমানসহ ছয়জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। নিহত শাহদাত হোসেন স্বপনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২৩টি মামলা রয়েছে।