বিএনপি নেতাদের চেয়ারেই বসিয়ে রাখল পুলিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে সুনামগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় বিএনপির কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের বের হতে দেয়নি পুলিশ।

কার্যালয়ের সামনে চেয়ারেই বসে থাকেন নেতাকর্মীরা। এ অবস্থায় সমাবেশ করেন তারা।

সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা পুরাতন বাসষ্টেশন এলাকায় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলের প্রস্থতি নিলে পুলিশ বাধা দেয়। পুলিশ বিএনপির পুরো কার্যালয় ঘেরাও করে রাখে। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, যুবদল নেতা কালার চান, কামরুল ইসলাম রাজু, তোয়াজ্জল হোসেন, ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে পতাকা মিছিল কর্মসুচি পালন করেছে সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে কালো পতাকার একটি মিছিল বের করে আদালত চত্তর প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, সিনিয়র আইনজীবী মল্লিক মঈন উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি মাসুক আলম প্রমুখ।

বক্তারা বলেন, ‘৩০ডিসেম্বর নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করেছে।  মানুষের ভোটাধিকার হরণ করে সরকার এখন দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে। বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ৩০ ডিসেম্বর গনতন্ত্র ও এ দেশের জন্য একটি কালো দিন’।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্তিতি বজায় রাখতেই তাদের মিছিল করতে দেওয়া হয়নি, তবে তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করতে দেওয়া হয়েছে।