নারায়ণগঞ্জের হোসিয়ারি ব্যবসায়ী জিকুকে (২৯) মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সদর মডেল থানার এএসআই এনায়েত হোসেনকে ক্লোজড করা হয়েছে। গতকাল সোমবার নবনিযুক্ত পুলিশ সুপার জায়েদুল আলম এ নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এনায়েতকে ক্লোজড করা হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে।’
জিকুর বাবা মজিবর রহমান গত রবিবার সংবাদ সম্মেলনে দাবি করেন, ২ লাখ টাকা না পেয়ে আমার ছেলে জিকু ও তার কারখানার অপারেটর শামীমকে মাদক মামলায় ফাঁসিয়েছেন এএসআই এনায়েত। গত ১২ ডিসেম্বর নিজ প্রতিষ্ঠানের সামনে থেকে মাদকাসক্তের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের ধরে নেন এনায়েত। আমি যোগাযোগ করলে মুক্তির জন্য তিনি ২ লাখ টাকা দাবি করেন।’