পা ছাড়া জন্ম নেওয়া বালকের হাসি ফোটালেন রোনালদো

একবার দেখার ইচ্ছায়, একটু স্পর্শ পাওয়ার ইচ্ছায় আলী তুরগানবিকভ বহুদিন অপেক্ষা করেছে। পা ছাড়া জন্ম হওয়ায় তার জন্য পৃথিবীটা যে কারো থেকে কঠিন। সেখানে রোনালদোর দেখা পাওয়া তো আরও কঠিন। ১২ বছরের আলী তবু থেমে থাকেনি। জাভি, ইকার ক্যাসিয়াসের মতো ফুটবলারদের সাক্ষাতের পাশাপাশি আরাধ্য রোনালদোর আলিঙ্গনও পেয়েছে!

কাজাখস্তানের নূর সুলতান শহরে বেড়ে ওঠা আলী সোমবার দুবাইয়ে রোনালদোর দেখা পায়। সেখানে কিংবদন্তির সঙ্গে অল্প সময়ের জন্য ফুটবলও খেলেছে সে।

ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ফুটবল খেলার ভিডিও শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছে আলী। সেখানে দেখা গেছে, হেডে বল দিতে দিতে চোখের পলকে সে রোনালদোর কাছে চলে যায়। পর্তুগিজ তারকা বুকে টেনে নেন।

ইনস্টাগ্রামে আলী রীতিমতো তারকা। দেড় লাখের বেশি ফলোয়ার। আছে জাভি এবং ইকার ক্যাসিয়াসের সঙ্গে ছবি।

রোনালদোর সঙ্গে আলীকে দেখা করিয়ে দেন রাশিয়ার মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়ন খবিব নুরমাগোমেডভ।