পপ সম্রাজ্ঞী-খ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনার সঙ্গে নাম জড়াল তার চেয়ে অর্ধেকেরও কম বয়সের তরুণের সঙ্গে।
ডেইলি মেইল জানায়, ৬১ বছরের ম্যাডোনা সম্পর্কে জড়িয়েছেন ২৫ বছরের আহমালিক উইলিয়ামসের সঙ্গে।
বলা হচ্ছে, ভালোবাসা যে কোনো বাঁধন মানে না এবং বয়সের বেড়াজাল টপকে একে অপরের সঙ্গে বাঁধা পড়ে- তা স্পষ্ট করেছেন ম্যাডোনা ও আহমালিক।
ইতিমধ্যে উইলিয়ামসের বাবা ড্রিউকে তার ছেলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন গায়িকা। সিনিয়র উইলিয়ামস ও তার স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে এই কথা জানান।
ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও সিনিয়র উইলিয়ামস বেশ খুশি। বলা হচ্ছে, প্রেমিকের মা-বাবার চেয়ে এই গায়িকা বয়সে বড়।
শোনা যাচ্ছে, সামনের বছর লন্ডন ও ফ্রান্সের কনসার্টে প্রেমিককে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাডোনা। দর্শকের আসনে থাকতে পারেন সিনিয়র উইলিয়ামস ও তার স্ত্রী।
প্রেম নিয়ে অসংখ্য গল্প শোনা গেলেও ম্যাডোনা বিয়ে করেছেন দুইবার। তার সাবেক স্বামীরা হলেন অভিনেতা শন পেন (১৯৮৫-৮৯) ও পরিচালক গাই রিচি (২০০০-০৮)। এ ছাড়া ১৯৯৫-৯৭ সালে প্রেমিক কার্লোস লিওনের সঙ্গে লিভ ইন করেন। এই গায়িকার ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে চারজন দত্তক।