মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে চলছে চমকের পর চমক। একদিন আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে বিদায় করে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীকে বিদায় নিতে হয়েছে মাঝারি মানের দল গড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে। এবার শেষ আট থেকে আরেক ফেভারিটের বিদায় দেখল দর্শক। শক্তিশালী সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল পুলিশ এফসি।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি। প্রথমার্ধেই জোড়া গোল আদায় করে সাইফ স্পোর্টিং ক্লাবকে চেপে ধরেছিল দলটি। দ্বিতীয়ার্ধে আদায় করে আরো এক গোল। সাইফ পরে এক গোল পরিশোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি।
ম্যাচের ৩১ মিনিটে এসএম বাবলু গোল করে প্রথম এগিয়ে দেন পুলিশকে। বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান বাড়ান সিডনি রিভেইরা। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে রিভেইরা নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পুলিশ।
তিন মিনিট পর সাইফের পক্ষে মুরোলিমঝোন আখমেদোভ গোল করেন। তবে বাকি সময় আর কোনো গোল পরিশোধ করতে পারেনি দলটি। ফলে তাদের বিদায় নিতে হয় আসর থেকে।
পুলিশ এফসি এবারই প্রথম প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে। মৌসুম শুরুর টুর্নামেন্টে সেমিফাইনালে উঠে এসে দারুণ চমকই উপহার দিল দলটি।