জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন একটি গজল সন্ধ্যায় গাইতে চলেছেন। ‘বেবী নাজনীনের একক গজল সন্ধ্যা’ শিরোনামে নতুন বছরের শুরুতেই আয়োজন করা হচ্ছে একক গজল সন্ধ্যা ‘সাম ই গজল’। আগামী ৪ জানুয়ারি আমেরিকার শো টাইম মিউজিকের ব্যানারে এটি হতে যাচ্ছে একটি ভিন্নমাত্রার আয়োজন।
আমেরিকায় বাংলাদেশি কোন সংগীত তারকার গজল সন্ধ্যা এটাই প্রথম বলে জানিয়েছেন ‘শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম। ‘বহুমাত্রিক গানের শিল্পী বেবী নাজনীনের ঝুলিতে অনেক গান রয়েছে। সেইসব গান তো বটেই, বেবী নাজনীনের কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত ছাড়াও হিন্দি, উর্দু গান এবং গজল শোনা যায় বিভিন্ন স্টেজ শোতে।
এবার সরাসরি তার গজল উপভোগ করতে পারবেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দর্শক-শ্রোতারা। ইতিমধ্যেই এই আয়োজনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে টিকিট বিক্রি।
বহু বছর ধরে আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশি শীর্ষ সংগীত তারকা, চলচ্চিত্র এবং টেলিভিশনের তারকা শিল্পীদের নিয়ে ‘শো টাইম মিউজিক’ বড় বড় ইভেন্ট করে আসছে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বাংলাদেশের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য একটি চ্যারিটি শোয়ের আয়োজন করে নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে। সেখানে বেবী নাজনীনই ছিলেন প্রধান আকর্ষণ।