কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি ফেরত ভাইকে নিয়ে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে লাশ হলেন স্বামী ও স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় মহাসড়ক থেকে ব্রিজসংলগ্ন খাদে প্রাইভেটকারটি পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় উদ্ধারকর্মীরা গাড়িতে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতরা হলেন- নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব গোরাকনগর এলাকার রাবেয়া বেগম রুমি (২৫) ও তার স্বামী সাইফুল ইসলাম।
আহতরা হলেন- গাজীপুর জেলার সাভার উপজেলার গোলাম হোসেনের ছেলে মমিনুল ইসলাম এবং কবিরহাটের সিরাজ মিয়ার ছেলে হুমায়ুন কবির।
চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সবুজ জানান, আহত হুমায়ুন কবির চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যজন গাড়িচালক মমিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত রুমির আত্মীয় কবিরহাটের বাচ্চু মিয়া জানান, প্রবাস থেকে আসা হুমায়ুন কবিরকে ঢাকা থেকে রিসিভ করে বাড়ি নিয়ে আসছিলেন রুমি ও তার স্বামী সাইফুল। নিহতরা হুমায়ুন কবিরের বোন এবং ভগ্নিপতি বলেও জানান তিনি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরফুদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারে অংশ নেওয়া অনেকে জানান, শতাধিক উৎসুক জনতা দুর্ঘটনার দৃশ্যটি দেখলেও ৪-৫ জন ব্যতীত কেউ আহতদের উদ্ধারে নামেনি।