নতুন বছরে ক্রিকেটারদের শুভেচ্ছাবার্তা

ইংরেজি নববর্ষ উপলক্ষে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়রা। মুশফিকুর রহিমের শুভেচ্ছা বার্তাটি হতে পারে অনুপ্রেরণার উৎস। আর সাকিব আল হাসানের বার্তাটি হতে পারে এগিয়ে যাওয়ার প্রেরণা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিকুর রহিম লিখেছেন, “প্রতিটা সমাপ্তিই একটি নতুন শুরু এনে দেয়। আপনার সংকল্পে অবিচল থাকুন এবং সর্বদা সঠিক পথ অবলম্বন করুন। আপনার সাহস, বিশ্বাস ও প্রচেষ্টা দিয়ে আপনি জীবনে সবকিছু অর্জন করতে পারবেন। আরো একটি নতুন বছর পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”

নতুন বছর উপলক্ষে ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন- “২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।”

এদিকে, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ছেলের আঁকা একটি শুভেচ্ছা কার্ডের মাধ্যমে। তাতে লিখেছেন, “গত রাতে আমার ছোট্ট ছেলের পক্ষ থেকে ছোট্ট উপহার।”

আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “নতুন বছর হয়ে উঠুক দীপ্তিময় এবং আশার আলো আপনাকে ইতিবাচক ও কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাক। শুভ নববর্ষ ২০২০।”

নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।