নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সুরকার ও গায়ক জিয়া খান। মঙ্গলবার প্রকাশ হওয়া গানটির শিরোনাম ‘ভুল করে ভোলা যায় না’। ভিডিওতে হাজির হয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই তারকা মেহজাবিন চৌধুরী ও তানভীর।
বলো না ভুলতে তুমি আমায়/ বলো না ভুলে যেতে/ হয় তো পারিনি বাধ্য হতে/ পারিনি কথা রাখতে- এমনই কথার গানটি লিখেছেন মাসুম আওয়াল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া নিজেই।
ভিডিও নির্মাণ করেছেন এহসানুল হক চৌধুরী। প্রকাশ হয়েছে ডার্ক শ্যাডো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
নতুন গান প্রসঙ্গে জিয়া খান বলেন, “বছরের শেষে দর্শক শ্রোতাদের নতুন একটি গান উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। খুব সুন্দর কথা ও সুরের একটি গান এটি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।”
জিয়া খানের সুরে একটি বড় বাজেটের মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছিল বছর চারেক আগে। ‘ছায়াশরীরী’ নামের এ অ্যালবামে গেয়েছিলেন- আইয়ুব বাচ্চু, বালাম, কোনাল, কলকাতার শিল্পী রাঘব ও রুপম ইসলাম। অ্যালবামে নিজেও একটি গানে কণ্ঠ দিয়েছিলেন জিয়া খান। সেই গান ‘কেউ কারো নয়’ বেশ প্রশংসা পায়।
এখন নতুন বেশ কিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন জিয়া খান। সম্প্রতি তার সুরে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গেয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীও। গানগুলো প্রকাশ পাবে শিগগিরই।