ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশের বাধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় গতকাল বুধবার কয়েকটি স্থানে পুলিশের বাধার খবর পাওয়া গেছে। মিছিলকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ১০ জন এবং শোভাযাত্রা বের করতে চাইলে দিনাজপুরে আটক করা হয়েছে ৪ নেতাকর্মীকে। পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে পঞ্চগড়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও সুনামগঞ্জের আনন্দ শোভাযাত্রা ও মিছিল। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

কিশোরগঞ্জ : মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে শহরের ঈশা খাঁ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১০ ছাত্রদল নেতাকর্মী আটক করেছে পুলিশ। আটকরা হলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মামুন মিয়া (২৯), জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৮), সুমন মিয়া (২৩), জনি (২৩), ফারুক মিয়া (২১), রুবেল (২৮), শাকিল (২০), আকরাম (১৯), আসাদুল্লাহ তানবির (২৯) ও সাকিব (২৩)।

দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতিসহ চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। দুপুরে শহরের বাহাদুর বাজার চালহাটি এলাকা থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন দিনাজপুরের হাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা ইসলাম।

পঞ্চগড় : আনন্দ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে কার্যালয়ের প্রধান ফটকের সামনেই বাধা দেয় পুলিশ। 

ঝিনাইদহ : পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। সকালে শহরের কলাবাগান এলাকা থেকে র‌্যালি বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদের বাসভবনে নেতাকর্মীরা জড়ো হলে সেখানেও ধাওয়া করে পুলিশ। 

সুনামগঞ্জ : মিছিলে পুলিশ বাধা দিয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে কিছুদূর এগোলে আলফাত ভবনের সামনে পুলিশ বাধা দিয়ে মিছিলটি আটকে দেয়।

চুয়াডাঙ্গা : শেষ পর্যন্ত পুলিশি বাধার কারণে শোভাযাত্রা বের করতে পারেনি ছাত্রদল।