গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দারুণ জমলো ম্যাচটি। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে এভারটনকে হারিয়ে নতুন বছরে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন জেসুস। এভারটনের হয়ে একটি গোল শোধ করেন এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন।
টানা দুই জয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকা লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ২১ ম্যাচে ৪৪।
ঊনিশ ম্যাচে আঠারো জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে লেস্টার সিটি।
ম্যাচের শুরুতেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি সিটি। গেলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। ৫১তম মিনিটে ইলকাই গুন্দোগানের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোল করেন জেসুস।
৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান জেসুস। এবার রিয়াদ মাহারেজের রক্ষণচেরা পাসে বল পেয়ে গোলটি করেন আক্রমণভাগের তারকা এই খেলোয়াড়।
৭১তম মিনিটে সান্ত্বনাসূচক গোলটি পায় এভারটন। গোলপোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়ান রিশার্লিসন।