বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন আকবররা

কদিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপগামী দলের ফটোসেশনে বিসিবি সভাপতি বলেছিলেন, দল সেমিফাইনালে যেতে পারলে দক্ষিণ আফ্রিকায় যেতে চান তিনি। বোর্ড সভাপতির এই চাওয়া পূরণ করতে চায় আকবর আলীরা। যুব বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বড় স্বপ্নের কথাই বলে গেলেন দলের কোচ-অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে ১৭ জানুয়ারি। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের মিশন শুরু পরদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও পাকিস্তান। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে ও ফাইনালের ধাপ।

যুব বিশ্বকাপে বরাবরই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা থাকে বেশি। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলে খুব কমই। এবারের দলটিকে নিয়ে অবশ্য আশাবাদী সবাই। গেল কিছুদিন দারুণ পারফরম্যান্সও করেছে দলটি। শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজের অধীনে একসঙ্গে থেকে অনুশীলনও করেছে অনেক দিন ধরে।

অধিনায়ক আকবর তাই দৃঢ় বিশ্বাস নিয়ে বলছেন, ‘আমাদের দলটা ফাইনালেও যেতে পারে বলে বিশ্বাস করি। গত কদিন যেভাবে খেলেছি, আশা করি আমরা খুব ভালো কিছু করব।’

কদিন আগে বলা বিসিবি সভাপতির কথা মনে করিয়ে দিতেই বললেন, ‘সভাপতি (বিসিবি) যেটা বলেছেন, আমরা বিশ্বাস করি তাকে নিয়ে যেতে (দক্ষিণ আফ্রিকায়) পারব।’

তবে কোচ নাভিদ নওয়াজের প্রথম লক্ষ্য নক আউট পর্ব নিশ্চিত করা, ‘প্রথম লক্ষ্য অবশ্যই নক আউট পর্বে যাওয়া। এরপর আমরা ম্যাচ ধরে এগোব। আশা করি আমরা ভালোভাবে শেষ করতে পারব।’