স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, যারা ঠিকমতো কাজ করবেন না সেসব কর্মকর্তা ও কর্মচারী ছুটি নিয়ে চলে যান। কাজ করে না এমন অফিসার আমাদের এই অঞ্চলে দরকার নেই। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সাটুরিয়ার কয়েকটি সড়ক সংস্কার কাজ পেয়ে ঠিকাদাররা কাজ করছেন না এমন ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। ভালো মানুষের সঙ্গে মিশতে হবে।
এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক বজলুর রহমান, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি। এরপর মন্ত্রী উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।