নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পাইনাদী সিআইখোলা এলাকার আবু রায়হান রনির ইটালি হাউজে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকার বাসিন্দা কবির হোসেন (৫৫), তার স্ত্রী আঁখি বেগম (৪০) ও ভাগনি সুফিয়া (২২)। জানা গেছে, ফ্ল্যাটের গ্যাস সংযোগ ত্রুটি থাকায় সারা রাত গ্যাস বের হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়ে। গৃহবধূ আঁখি বেগম ভোরে নাশতা তৈরি করার জন্য রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ¦ালাতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দরজা-জানালা ভেঙে ছিটকে পড়ে। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাড়ির ভাড়াটিয়াদের অভিযোগ, গত দুই মাস ধরে গ্যাসের পাইপে লিকেজ হয়। বাড়ির মালিককে বলার পরও মেরামত না করে বলেন, সরকারি জিনিস সরকারি লোকজনই ঠিক করবে। বাড়ির মালিকের স্ত্রী সুফিয়া বেগম লাইন ত্রুটির অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে ওই পরিবারের লোকজন গ্যাসের চুলা বন্ধ না করায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ফরিদউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।