পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় এক খামারির ৭ গরুর মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় এক খামারির সাত গরু মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের খামারে গরুগুলোর মৃত্যু হয়।

খামারি আফজাল হোসেন বলেন, কিছুদিন আগে ১৫ টি গরু নিয়ে একটি খামার তৈরি করেন। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে গরুকে খাওয়ানোর জন্য তার চাচা ফজলুর রহমানের খামারে ভিজিয়ে রাখা খৈল দিয়ে গরুকে পানি খাওয়ানো হয়। গরুকে ওই পানি খাওয়ানোর একটু পরেই সাতটি গরু খামারের ভেতরে মারা যায়। পানিতে ভিজিয়ে রাখা খৈলে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ বিষ মিশিয়েছে বলে তার ধারণা।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণেই আফজাল হোসেনের করিমের খামারের ৭ টি গরু মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষার জন্য খাদ্যগুলোর আলামত জব্দ করেছে। পরীক্ষা করার পর গরুগুলোর মৃত্যুর কারণ জানা যাবে।