শ্রমিকদের নিয়ে মেয়ের গায়েহলুদের আয়োজন কারখানা মালিকের

বিজিএমইএ নেতা ও ইন্ডিপেনডেন্ট গার্মেন্টসের মালিক এসএম আবু তৈয়ব নিজের মেয়ের গায়েহলুদে গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন।

চট্টগ্রাম মহানগরের নাছিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেনডেন্ট গার্মেন্টসের ছাদে মঙ্গলবার নিজের প্রতিষ্ঠানের দেড় হাজার নারী-পুরুষ শ্রমিকদের নিয়ে মেয়ের বিয়ে দেন তিনি। পুরো অনুষ্ঠানটি পরিচালনাও করেন পোশাক শ্রমিকরা।

অনুষ্ঠানে একই রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে আসা আমন্ত্রিত নারী ও পুরুষ অতিথিরা মেতে ওঠেন নাচে-গানে। আবু তৈয়ব ও তার পরিবারের বাকি সদস্যরাও একই পোশাকে হাজির ছিলেন। সেই সঙ্গে সবার জন্যই ছিল চট্টগ্রাম ক্লাবে বিয়ের অনুষ্ঠানে রান্না করা বাবুর্চির খাবার।

গায়েহলুদ ঘিরে নাছিরাবাদ শিল্প এলাকায় ইন্ডিপেনডেন্ট গার্মেন্টসের সব শাখায় ছুটি ঘোষণা করা হয়। ছাদের ওপর মঞ্চ করে আয়োজন করা হয় অনুষ্ঠান।

এ দম্পতির একমাত্র মেয়ে সাইকা তাফাননুম প্রীতির গায়েহলুদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নারী শ্রমিকরা সবাই হলুদ বাটো, মেন্দি বাটো এবং লীলাবালি লীলাবালি গানের তালে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন।

শ্রমিকরা নিজেদের সাধ্য মতো চাঁদা দিয়ে প্রীতিকে চমৎকার এক সেট স্বর্ণের গয়না উপহার দিয়েছেন। প্রায় দেড় লাখ টাকা দিয়ে কেনা এ গয়না তারা নিজেরাই মালিক কন্যার গায়ে পরিয়ে দেন।

এ আয়োজনে ব্যাপারে আবু তৈয়ব বলেন, ‘এটা প্রচারের জন্য নয়। পোশাক কারখানার এই খেটে খাওয়া শ্রমিকদের প্রচুর ভূমিকা রয়েছে আমার জন্য, আমার মেয়ের জন্য, পুরো পরিবারের জন্য। এরাই তো রক্ত ঘাম করে আমাকে এ অবস্থানে এনেছেন। আমার সন্তানকে একটি মর্যাদার আসন দিয়েছেন। আমি মনে করি এরা আমার পরিবারের অংশ। তাই মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানটি আমি তাদের সঙ্গে করেছি।’

প্রীতির বিয়ে হচ্ছে ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার ছেলে শফিউল ইসলাম মোল্লার সাথে। আগামী ৫ জানুয়ারি নগরীর নেভি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।