সাভারের আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো. কবির সরকারের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দিলে ব্যবসা বন্ধসহ মারধরের হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যুবলীগের আহ্বায়ক কবির সরকার ও সাবেক চেয়ারম্যানের জামাতা সোহাগ তালুকদারসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মাহফুজ আহাম্মেদ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকার মৃত আহাম্মদ সরকারের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), একই এলাকার মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো. কবির সরকার (৩৮), বাইপাইল এলাকার করিম চেয়ারম্যানের জামাতা মো. সোহাগ তালুকদার (৪০), বগাবাড়ি এলাকার মৃত কাদির ম-লের ছেলে মো. মনির ম-ল (৪০), বুড়ির বাজার এলাকার মো. ইলিয়াস (৩৮), ভাদাইল এলাকার মো. সালাম (৩৫), পবনারটেক এলাকার মো. সানোয়ার হোসেন (৩৫), সুবন্দি এলাকার মো. মানছুরসহ (৪০) অজ্ঞাতনামা ২০-২৫ জন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্ত যুবলীগ নেতা কবির সরকার, নজরুল ইসলাম, সোহাগ তালুকদার, মনির ম-ল, ইলিয়াস, সালাম, সানোয়ার হোসেন, মানছুরসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা চাঁদার দাবিতে নিহান এন্টারপ্রাইজে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, যুবলীগ নেতাদের নামে চাঁদাবাজির অভিযোগের কথা শুনেছি। তবে এখনো কপিটি হাতে না পাওয়ায় এ বিষয়ে তদন্ত করতে পারিনি।