মাগুরায় দুদিনের লালন ও বাউল উৎসব সম্পন্ন

মাগুরায় ফকির মনোরঞ্জন সাঁইয়ের ৫৭তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দুদিনব্যাপী বাউল উৎসব শেষ হয়েছে।

মাগুরা শহরের দড়ি মাগুরা কোকিল কুঞ্জে সাধু সংঘের ব্যানারে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাউল সাধক মনোরঞ্জন সাঁইয়ের ছেলে তপন বসু, বাউল নূর আলী, আলমগীর, আভা রানী, দিদার শাহ্, ইউনুস, দুলাল শাহ, তমাল বসুসহ প্রায় অর্ধশত বাউল সাধক সংগীত পরিবেশন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে শুক্রবার রাতে লালন ভক্তদের গান ও আধ্যাত্মিকতা বিষয়ে আলোচনার মাধ্যমে শেষ হয় দুদিনের এ অনুষ্ঠান।

প্রতিবছর ফকির মনোরঞ্জন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে কয়েক শ বাউল সাধক এই সাধু সংঘে অংশ নিয়ে আলোচনা ও বাউল সংগীত পরিবেশন করেন।

আয়োজক তপন বসু জানান, লালন দর্শন হচ্ছে মানবতাবাদী, অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শন। এই উপমহাদেশে এক শ্রেণির মানুষ ছিলেন যারা সবকিছুর ঊর্ধ্বে উঠে মানব মুক্তির পথ অনুসন্ধান ও সৃষ্টিকর্তাকে হৃদয়াঙ্গম করার জন্য লালনসহ বিভিন্ন বাউল দর্শনে নিজেদের নিয়োজিত করেছেন।