আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ‘পারফেক্ট ম্যান’ ছিলেন সৈয়দ আশরাফ। তার ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কার্যনিবাহী সদস্য মারুফা আক্তার পপি ও সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের এই সুযোগ্য পুত্র আমাদের পার্টির পরপর দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, ‘৭৫-পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘তার থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। সৈয়দ আশরাফুল ইসলামের নম্রতা, সততা ও বিনয় ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মতো আচরণে বিনয়ী, নম্র এবং বাস্তব জীবনে তার মতো সৎ হতে পারি। আজ সৈয়দ আশরাফের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে, এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারবে।’
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।